Logo

রুট পারমিটহীন গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে ধর্মঘটের হুঁশিয়ারি

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১৯ আগস্ট, ২০২৬, ১৫:৩০
রুট পারমিটহীন গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে ধর্মঘটের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে রুট পারমিটবিহীন পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আগামী ১৯ আগস্টের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ২০ আগস্ট থেকে রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনের কাছে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন জানায়, ১৯৫২ সাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি রুটসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন করে আসছে তারা। বর্তমানে চট্টগ্রাম-রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি, মহালছড়ি, নানিয়ারচর, বান্দরবান ও রাজস্থলীসহ বিভিন্ন রুটে তাদের পরিবহন চলাচল করছে।

সংগঠন দুটির অভিযোগ, সম্প্রতি রাঙামাটি শহরের নিউ মার্কেট এলাকা থেকে রুট পারমিটবিহীন ছোট পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে বৈধভাবে যাত্রী পরিবহনকারী বাস মালিক ও শ্রমিকদের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাদের দাবি, পণ্য পরিবহনের জন্য তৈরি গাড়িতে যাত্রী বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব গাড়িতে যাত্রী পরিবহনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত রুট পারমিটবিহীন পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে।

স্মারকলিপিতে ১৯ আগস্টের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ২০ আগস্ট থেকে চট্টগ্রাম-রাঙামাটি, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-মহালছড়ি, রাঙামাটি-নানিয়ারচর, রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞাপন

এদিকে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহনের বিষয়ে মাইক্রোবাস সমিতির সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। তবে সংগঠনটির এক কর্মকর্তা জানান, রাজস্থলী ও বাঘাইছড়ি রুটে নিয়মিত বাস সার্ভিস না থাকায় যাত্রীদের অনুরোধে পিকআপে যাত্রী পরিবহন করা হয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী পরিবহনের জন্য অনুমোদন না থাকা পণ্যবাহী পিকআপ বা অন্য কোনো মালবাহী গাড়িতে যাত্রী বহন আইনসঙ্গত নয়। পণ্য পরিবহনের জন্য নির্ধারিত এসব যানবাহনে যাত্রীদের বসার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও থাকে না। ফলে দুর্ঘটনা ঘটলে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাঙামাটিতে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহনের ঘটনায় চারজন যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন পরিবহন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, বৈধ যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি রুট পারমিটবিহীন পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ করা জরুরি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী দূরপাল্লার পরিবহন বন্ধ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD