আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ছয়জন বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা রয়েছেন।
বিজ্ঞাপন
বিজিবির দীর্ঘ প্রচেষ্টার পর আরাকান আর্মির সম্মতিতে বুধবার (১৯ আগস্ট) সকালে নাফ নদীর শূন্যরেখা দিয়ে জেলেদের হস্তান্তর করা হয়। পরে বিজিবির প্রতিনিধিদল তাঁদের কক্সবাজারের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। পরে তাঁদের আটক করে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
বিজ্ঞাপন
আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থানে কিংবা কারাগারে রাখা হয়েছিল। তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালানো হয়।
বিজিবির অধিনায়ক বলেন, উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আটক জেলেদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। ধারাবাহিক প্রচেষ্টার ফলে পর্যায়ক্রমে তাঁদের হস্তান্তরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। যাচাই শেষে বাংলাদেশি জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। তাঁদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা জেলে রয়েছেন।
এর মধ্যে বুধবার পর্যন্ত মোট ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা জেলে রয়েছেন।
বিজ্ঞাপন
বিজিবির তথ্য অনুযায়ী, বর্তমানে আরও ৮৬ জন জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। তাঁদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা।
বিজিবি জানিয়েছে, আটক জেলেদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সীমান্ত ও সমুদ্রসীমা সংক্রান্ত জটিলতার পাশাপাশি মানবিক বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
বুধবার ২৪ জেলে দেশে ফেরায় তাঁদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘ সময় পর স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলো দ্রুত তাঁদের কাছে হস্তান্তরের প্রত্যাশা করছে।








