Logo

বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির আশঙ্কায় সড়কে শ্রমিকরা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৯ আগস্ট, ২০২৬, ১৫:৪৪
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির আশঙ্কায় সড়কে শ্রমিকরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় ইত্যাদি জিন্স লিমিটেড কারখানা বিক্রি বা হস্তান্তরের আশঙ্কায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে প্রধান সড়কে অবস্থান নেন তারা। দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শ্রমিকদের অবস্থানের কারণে আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের দাবি, কারখানাটি বিক্রি করে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। এ অবস্থায় কারখানা বন্ধ, বিক্রি বা হস্তান্তর করা হলে শ্রম আইন অনুযায়ী তাদের সব পাওনা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন ধরে কারখানাটিতে কর্মরত শ্রমিকদের পাওনা নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

এক শ্রমিক বলেন, তাদের জানানো হয়েছে কারখানা বিক্রি করে দেওয়া হবে। তাই তারা তিন মাসের বেতন অগ্রিমসহ আইন অনুযায়ী অন্যান্য পাওনা দাবি করছেন। কারখানাটিতে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছেন এমন শ্রমিকও রয়েছেন। তাদের লিভ সেলারিসহ প্রাপ্য সব সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রমিকরা বলছেন, কারখানার মালিকানা পরিবর্তন হলে দীর্ঘদিনের চাকরির কারণে তাদের যে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেগুলো নিশ্চিত করতে হবে। এ দাবিতেই তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

তবে শ্রমিকদের অভিযোগের সঙ্গে একমত নয় কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, কারখানা হস্তান্তরের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে শ্রমিকরা কাজ চালিয়ে যেতে সম্মত হওয়ায় সেই উদ্যোগ বাতিল করা হয়েছে।

ইত্যাদি জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (এইচআর) রাশেদ সিকদার বলেন, কারখানা হস্তান্তরের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। মালিকপক্ষই এখন আগের মতো কারখানা পরিচালনা করবে। এ বিষয়ে গত ১৫ আগস্ট একটি নোটিশও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কোনো বেতন বকেয়া নেই। কারখানার মালিকই প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন বলে বুধবার সকালেও শ্রমিকদের জানানো হয়েছে। এরপরও কেন শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন, তা তাদের কাছে পরিষ্কার নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি নগর পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাঁধন বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

অবরোধের কারণে আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD