গ্যাস না পেয়ে সিএনজি চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সিএনজি না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকশ চালক।
বিজ্ঞাপন
চালকদের অবরোধের কারণে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের অপেক্ষায় কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ সারিতে আটকে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।
শাহিন নামে এক চালক বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে অপেক্ষা করছেন। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছেন না এবং আয়ও বন্ধ রয়েছে। কবে গ্যাস পাবেন, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এভাবে দিনের পর দিন অপেক্ষা করে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
মনু মিয়াজি নামে আরেক চালক বলেন, দুই দিন ধরে গাড়ি চালাতে না পারায় কোনো আয় হচ্ছে না। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় তারা চরম সংকটে পড়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মুজিবুল হক নামে এক বিক্ষুব্ধ চালক বলেন, নগরের প্রায় সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি বিরাজ করছে। কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। সংকটের সমাধান না হলে রাস্তায় নামা ছাড়া তাদের সামনে আর কোনো পথ থাকবে না।
বিজ্ঞাপন
ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের পক্ষ থেকেও কিছু করার সুযোগ নেই।
চালকরা জানান, গ্যাস সংকটে শুধু তাদের আয় বন্ধ হয়নি, দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই পরিস্থিতি তৈরি হওয়ায় রাস্তায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।
এদিকে সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি নন বিক্ষুব্ধ চালকরা।
বিজ্ঞাপন
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।








