Logo

গোপালগঞ্জে মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৯ আগস্ট, ২০২৬, ১৯:৩৬
গোপালগঞ্জে মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, মাদক ব্যবসায় বিনিয়োগের ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে বুধবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর থানার নবীনবাগ এলাকায় এলজিইডি অফিসের সামনে সড়কে চেকপোস্ট বসানো হয়।

রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে একটি সাদা রঙের নোহা গাড়ি দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানের নেতৃত্বে এবং ডিবির ওসি নয়ন চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গাড়িতে থাকা মো. উজ্জ্বল মোল্লা (৩৮) ও মো. রিফাত মোল্লা ওরফে ওয়াসিম (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পরে তাঁদের দেহ ও গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের জন্য রাখা ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়। পুলিশের হিসাবে গাড়িটির আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও গাড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি সাংবাদিকদের মাধ্যমে জেলার সাধারণ মানুষের প্রতি মাদক ব্যবসা ও অপরাধের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। মাদকবিরোধী কার্যক্রমে নাগরিকদের সহযোগিতা পেলে গোপালগঞ্জকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD