চুয়াডাঙ্গায় সোয়া ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

বিজিবি চুয়াডাঙ্গায় প্রায় সোয়া ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ করা মোট ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল বিয়ার, ২৩৮.৭৯ কেজি গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯ পিস নেশাজাতীয় ইনজেকশন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। সীমান্ত দিয়ে যাতে মাদক দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে।
এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, সীমান্তে মাদক প্রতিরোধ জোরদারে প্রয়োজন অনুযায়ী নতুন বিওপি স্থাপন করা হবে। পাশাপাশি মেহেরপুর জেলায় নতুন একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির লে. কর্নেল নাজমুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।








