স্ত্রীর শর্তের বোঝা মানতে না পেরে স্বামীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর দেওয়া একাধিক শর্ত মেনে নিতে না পেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) ভোরে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
পরবর্তীতে স্ত্রী ইয়াসমিন সংসার চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে স্বামীর কাছে ৯ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ছিল— স্বামীর মা-বোনের সঙ্গে যোগাযোগ না রাখা, স্ত্রীকে কোনোভাবেই শারীরিকভাবে আঘাত না করা, স্বর্ণালংকার বুঝিয়ে দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দেওয়া, ব্যক্তিগত বিষয়ে অভিযোগ না তোলা, বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য চাপ না দেওয়া, ননদ ও তাদের স্বামীদের হস্তক্ষেপ বন্ধ রাখা, বাবার বাড়িতে যাতায়াতে বাধা না দেওয়া এবং স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া।
বিজ্ঞাপন
এসব শর্ত মেনে নিতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিষয়টি নিয়ে কথা বলেন। তবে সেখানে অপমানিত হয়ে ফিরে আসেন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








