চুনারুঘাটে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-চালক

চুনারুঘাট উপজেলায় পুরোনো ঢাকা-সিলেট মহাসড়ক এর একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট বাজার থেকে আমতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ ও দুঃসহ হয়ে উঠেছে।
বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো চোখে না পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ শুরু করে। সে সময় বাজার এলাকা থেকে কলেজ রোড পর্যন্ত এবং দেওরগাছ এলাকায় প্রায় ৯০০ ফুট অংশের পিচঢালাই তুলে ফেলা হয়। তবে অজ্ঞাত কারণে এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।
বর্তমানে যেখানে পিচ তোলা হয়েছে, সেখানে কাদা ও বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল প্রায় অনিরাপদ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী চালকদের অভিযোগ, পুরো সড়কজুড়ে অসংখ্য গর্ত থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাবে।
এ বিষয়ে গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বলেন, সড়কটির মেরামতকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তাগিদ দেওয়া হবে।








