বগুড়ার শেরপুরে ইউক্যালিপ্টাস গাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক নিঃসঙ্গ বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন একা বসবাস ও শারীরিক নানা জটিলতায় ভোগা ওই বৃদ্ধ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের ধারণা।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির পেছনে একটি ইউক্যালিপ্টাস গাছ থেকে আব্দুল হামিদ (৮০) নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে শেরপুর থানা-পুলিশ।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরেই ছিলেন আব্দুল হামিদ। এরপর রাতের কোনো একসময় পরিবারের সবার অগোচরে বাড়ির পেছনে থাকা একটি ইউক্যালিপ্টাস গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস দেন তিনি। বুধবার সকালে এক প্রতিবেশী নারী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শেরপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অনেক আগেই আব্দুল হামিদের স্ত্রী মারা গেছেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা শ্বশুরবাড়িতে বসবাস করেন। আর ছেলেরা কর্মসূত্রে ঢাকায় থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে একাকী জীবনযাপন করছিলেন। এ ছাড়া একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি। অভাব-অনটনের পাশাপাশি পরিবারের সদস্যদের পর্যাপ্ত খোঁজখবর না পাওয়ায় তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








