Logo

ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে প্রাণ গেল যুবকের

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ, রংপুর
৭ মে, ২০২৬, ১২:৪৭
ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় বিএডিসির সেচ ট্রান্সফরমার পাহারা দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন মফিজার রহমান নামে এক যুবক। তিনি বিএডিসির সেচ মালিক মো. আমজাদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে সেচের ট্রান্সফরমার পাহারা দিতে যান মফিজার রহমান। ধারণা করা হচ্ছে, গভীর রাতে একদল চোর ট্রান্সফরমার চুরি করতে এলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় ট্রান্সফরমার খোলা অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে মফিজার রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার ডাক শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

বিজ্ঞাপন

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD