Logo

মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১২ মে, ২০২৬, ১৪:৩৫
মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর ভাতিজাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার জলিলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খানের ছেলে আমিনুর রহমান খান (২৪) এবং আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। আটক লিটন শেখ ওই নারী সেলিনা বেগমের ভাতিজা।

পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শ্ববর্তী জীবননগর থেকে একটি এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিকেল ৪টার দিকে মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করা হয়। সেই মোটরসাইকেলের সূত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ ও বরকত বিশ্বাসকে আটক করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৬ লাখ টাকা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। লিটন ও শাওন বদ্দি এই পরিকল্পনা করে। আমরা তিনজনকে আটক করেছি। বাকি আসামিকেও দ্রুত আটক করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD