Logo

রাতে গাছের মগডালে উঠে হিংস্র প্রাণীর মতো চিৎকার অতঃপর..

profile picture
উপজেলা প্রতিনিধি
সীতাকুণ্ড, চট্টগ্রাম
১২ মে, ২০২৬, ১৬:৪২
রাতে গাছের মগডালে উঠে হিংস্র প্রাণীর মতো চিৎকার অতঃপর..
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক যুবকের রহস্যজনক আচরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, মো. মিনহাজ উদ্দিন (২৬) নামের ওই যুবক হঠাৎ করে প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছের মগডালে উঠে যান এবং সেখান থেকে চিৎকার শুরু করেন। তিনি ওই এলাকার মো. জানে আলমের ছেলে।

স্থানীয় যুবক নাজিম উদ্দিন জানান, ওই দিন দুপুরে মিনহাজ বাড়ির পেছনের গাছটির কিছু ডালপালা কাটেন। এরপর মাগরিবের পর থেকেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক ও অদ্ভুত আচরণ করতে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, “তোমাদের চারজনের সঙ্গে আমি পারব না, গাছটি আমি কেটে ফেলব।”

বিজ্ঞাপন

এরপর হঠাৎ দৌড়ে গিয়ে তিনি গাছের নিচে দাঁড়ান এবং কয়েক সেকেন্ডের মধ্যেই গাছের একেবারে চূড়ায় উঠে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেখানে বসে তিনি বিকট শব্দ ও হিংস্র প্রাণীর মতো আওয়াজ করতে থাকেন। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নিচে নামাতে পারেননি।

নাজিম উদ্দিন আরও জানান, পরে স্থানীয়রা সমবেত হয়ে “আল্লাহু আকবার” ধ্বনি দিয়ে আজান দিলে মিনহাজ হঠাৎ নিস্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ পর তিনি গাছের ওপর অচেতন হয়ে পড়েন। এরপর স্থানীয়রা দড়ি দিয়ে তাকে বেঁধে নিরাপদে নিচে নামিয়ে আনেন এবং হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় আরেক যুবক সাহেদুর রহমান রিমন দাবি করেন, এর আগেও মিনহাজদের বাড়ির পেছনে তার মায়ের সঙ্গে “অদৃশ্য ঘটনার” অভিজ্ঞতা হয়েছে। তবে এসব ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মামুন বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এর আগেই স্থানীয়রা মিনহাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD