নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শংকর, কাউসার, তুহিন শেখ, মনির হোসেন, আলআমিন, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।
সহকর্মীদের বরাতে জানা গেছে, মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়।
বিজ্ঞাপন
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না শেষে অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে আগুন ধরানোর সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাউসার ও আলআমিন ক্যান্টিনে কর্মরত ছিলেন। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা।
বিজ্ঞাপন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।








