Logo

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডার

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগড়, খাগড়াছড়ি
১৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৬
রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডার
ছবি: প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পের টহল দল।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে রামগড়ের শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, সিপিসি-১-এর ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান।

এসআরবি-৭, সিপিসি-১-এর ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের আওতাধীন পূজামণ্ডপগুলোতে চারটি গাড়ির মাধ্যমে ২৪ ঘণ্টা নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। প্রতিটি মণ্ডপে টহল দল ও কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এসআরবি-৭। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় টহল দল প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসআরবি-৭, সিপিসি-১-এর ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের কোনো তথ্য বা অপ্রীতিকর পরিস্থিতির খবর নজরে এলে দ্রুত তাঁদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে তাঁদের আইসিটি বিভাগ সতর্ক রয়েছে। গুজব ছড়িয়ে বা অন্য কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এসআরবি-৭, সিপিসি-১-এর ফেনী ক্যাম্পের ডিএডি মহিদুল ইসলাম, এসআই আরিফুর রহমান ও ফয়েজুর রহমান, রামগড় ফায়ার স্টেশনের কর্মকর্তা বিশান্তর বড়ুয়া, শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক স্বপন দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় এসআরবি, বিজিবি ও আনসার সদস্য এবং সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD