Logo

জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, বিক্রি হলো আকাশ ছোঁয়া দামে

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৭ অক্টোবর, ২০২৬, ১৩:১৭
জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, বিক্রি হলো আকাশ ছোঁয়া দামে
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনেন স্থানীয় ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটি মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে মাছটি কিনে নেন।

একই দিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে খুচরা বিক্রি করা হয়। বিশাল আকৃতির বাঘাইড়টি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও বেশ ভালো। বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে তিনি কেটে খুচরা বিক্রি করেন।

বিজ্ঞাপন

আরেক ব্যবসায়ী ফুলমিয়া জানান, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগাম অর্ডার দিয়ে তাঁর কাছ থেকে এসব মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছের চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একই সঙ্গে দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD