ঝালকাঠির নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

ঝালকাঠির নলছিটি উপজেলায় ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে মাসুদ হোসেন ও রাজু আহমেদ নাঈমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
বিজ্ঞাপন
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।








