Logo

লোহাগাড়ায় মাদ্রাসার সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
১৩ মে, ২০২৬, ১৮:০০
লোহাগাড়ায় মাদ্রাসার সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাসেম (৫৫) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাসেম ওই এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে। তিনি চরম্বা জামেউল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক ছিলেন।

আহতরা হলেন একই এলাকার হাফেজ আহমদের ছেলে মো. শাহ আলম (৩৭) এবং নিহতের বোন ছকিনা বেগম (৫২)।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ একই এলাকার কবির আহমদের ছেলে মো. সমশুল ইসলাম (৩৮) কে আটক করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিপক্ষরা জোরপূর্বক আবুল কাসেমের জায়গায় নির্মাণকাজ শুরু করেন। এতে তিনি বাধা দিলে লাঠিসোটা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে হাফছা বেগম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা জোর করে আমাদের জায়গায় পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছিল। বাবা বাধা দিতে গেলে হারুন ও সমশু লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করে। এক আঘাতেই আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রায়হান বলেন, জায়গি দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। কাজ বন্ধ করতে বলায় আবুল কাসেমকে মারধর করা হয়।

চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক শফিকুর রহমান বলেন, সকালে মাদ্রাসায় ক্লাস নেওয়ার পর বাড়িতে যান সুপার হুজুর। পরে হামলার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি তিনি আর বেঁচে নেই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু আদনান মো. সাঈদী জানান, মারধরের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে আবুল কাসেম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জায়গা-জমি নিয়ে এ ধরনের সহিংসতা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

ঘটনার পর লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. আবদুল্লাহ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সমশুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD