চট্টগ্রামে চোখে গুলিবিদ্ধ সেই শিশু রেশমি মারা গেছে

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, গত শুক্রবার থেকে রেশমী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার রাতে নগরীর রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। এ সময় রেশমীও গুলিবিদ্ধ হয়। পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।
বিজ্ঞাপন
প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় নিহত রাজুর মায়ের দায়ের করা মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।








