যশোরে প্রতারণা ও অনিয়মের দায়ে ‘ডিএনএ’ ও ‘পেয়ারলেস’ ডায়াগনস্টিক সিলগালা

যশোরে দীর্ঘদিন ধরে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত “ডিএনএ” ও “পেয়ারলেস” ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এক বিশেষ অভিযানে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালের মাধ্যমে রোগী বাণিজ্যের অসংখ্য অভিযোগ ছিল।
বিজ্ঞাপন
সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবির হোসেন জানান, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটি দালালচক্র ব্যবহার করে সাধারণ রোগীদের ফাঁদে ফেলত। এছাড়া বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বিভ্রান্তিকর রিপোর্ট প্রদানের একাধিক সত্যতা পাওয়া গেছে।
পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই এতদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, স্বাস্থ্যসেবার নামে প্রতারণা এবং সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি আরও জানান, যশোরের স্বাস্থ্যখাতে অনিয়ম ও ভুয়া ডায়াগনস্টিক বাণিজ্যের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।
বিজ্ঞাপন
যশোরে স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।







