মা-বাবা হারানো দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে গিয়ে শিশু রায়হান (৯) ও রোহান (৭)-এর খোঁজখবর নেয়।
বিজ্ঞাপন
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আবাসনের বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি তাদের লেখাপড়া চালিয়ে নিতে এককালীন অনুদান ও মাসিক শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়।
বিভিন্ন গণমাধ্যমে শিশু দুটির মানবিক সংকটের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছোটবেলায় বাবাকে হারানোর পর চার মাস আগে মাকেও হারায় দুই ভাই। বর্তমানে তারা তাদের বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে বসবাস করছে। নানি অন্যের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালাচ্ছেন। আর্থিক সংকটের কারণে দুই শিশুর পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।
প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।








