Logo

মিছিল-স্লোগানে কাঁপছে চাঁদপুর, সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১৬ মে, ২০২৬, ১৩:০৬
মিছিল-স্লোগানে কাঁপছে চাঁদপুর, সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক জমায়েত দেখা গেছে। শনিবার (১৬ মে) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, খাল পুনর্খননস্থলকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা সভাস্থলের আশপাশে অবস্থান নেন। সড়কের দুই পাশে জড়ো হয়ে অনেককে তারেক রহমানের অপেক্ষা করতে দেখা যায়।

সমাবেশস্থলের আশপাশে সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই আগে থেকে ভালো জায়গা দখল করতে ব্যস্ত সময় পার করেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ আয়োজন ঘিরে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

আয়োজক সূত্র জানায়, সমাবেশের জন্য তৈরি করা মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে এমন বড় রাজনৈতিক আয়োজন ঘিরে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, তারেক রহমানের বক্তব্যে জেলার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতাদের মতে, এ সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দলীয় শক্তি ও ঐক্যেরও একটি বড় প্রদর্শনীতে পরিণত হয়েছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD