Logo

নামুজা ডিগ্রি কলেজে দুই সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০৯
নামুজা ডিগ্রি কলেজে দুই সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

বগুড়ার নামুজা ডিগ্রি কলেজে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া দুই সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

বিজ্ঞাপন

বিদায়ী দুই শিক্ষক হলেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা মিয়া। দীর্ঘদিন তাঁরা কলেজের শিক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং প্রভাষক নাজমা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ বাবু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিল্লুর রহমান বলেন, বিদায়ী দুই শিক্ষক তাঁদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠা সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁদের অবসরজীবনের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিনের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তাঁদের পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং কলেজের বিভিন্ন কার্যক্রমে অবদানের কথা স্মরণ করে বক্তারা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক ও মোঃ গোলাম মোস্তফা মিয়া তাঁদের বক্তব্যে কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা সহকর্মী, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নামুজা ডিগ্রি কলেজের সার্বিক অগ্রগতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে কলেজের পক্ষ থেকে বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী দেওয়া হয়। তাঁদের হাতে পবিত্র কোরআন, উত্তরীয়, পাঞ্জাবি-পাজামা, জায়নামাজ, তসবিহ, টুপি ও পাদুকা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের অবসরজীবন সুখী ও সুন্দর হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD