Logo

যশোরে ২ হাজারের অধিক সুবিধাবঞ্চিত নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
১৬ মে, ২০২৬, ২২:১২
যশোরে ২ হাজারের অধিক সুবিধাবঞ্চিত নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
ছবি: প্রতিনিধি

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুই হাজারেরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে ভাতুরিয়া স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাকে উৎসবের রূপ দেয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে একযোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২টি উপকারভোগী পরিবারের সদস্যদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা পাঠানো হয়। মোবাইলে অর্থ পৌঁছানোর বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেক নারী আবেগাপ্লুত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভার্চুয়াল উদ্বোধন পর্ব শেষে মাঠপর্যায়ে নির্বাচিত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নের লক্ষ্যে সরকার একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি শুধু আর্থিক সহায়তা নয়, এটি দরিদ্র পরিবারের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় কয়েকজন উপকারভোগী নারী জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই সহায়তার অর্থ তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা অনেক বড় স্বস্তি এনে দিয়েছে বলে তারা মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানস্থলে প্রায় দুই হাজার সুবিধাভোগী নারী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে অনেক নারী হাসিমুখে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

জেবি/এসআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD