বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স এলাকার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেতার শাখায় দায়িত্ব পালনকালে রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে নিচে নামানো হয়।
বিজ্ঞাপন
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।








