পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারি লক্ষ্য করে বিজিবির গুলি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর আওতাধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার কলসিরমুখ এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারি দলকে শনাক্ত করে।
বিজ্ঞাপন
টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের সতর্ক করতে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত রক্ষায় টহল কার্যক্রম চলাকালে সতর্কতার অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে এবং সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে।








