Logo

মৌলভীবাজারে ব্যালকনি থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, রহস্য নিয়ে পরিবারের প্রশ্ন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৩ মে, ২০২৬, ১২:৫৭
মৌলভীবাজারে ব্যালকনি থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, রহস্য নিয়ে পরিবারের প্রশ্ন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ব্যালকনি থেকে পড়ে হালিমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। তিনি কয়েক মাস ধরে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বিকট শব্দ শুনে তারা বাইরে এসে বাসার নিচে রক্তাক্ত অবস্থায় হালিমাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন হালিমা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে ঘটনাটি ঘিরে রহস্য ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, কেউ বলছে ছাদ থেকে পড়ে গেছে, কেউ বলছে ফেলে দেওয়া হয়েছে। আসলে কী ঘটেছে, তা আমরা জানি না।

বিজ্ঞাপন

হালিমার বাবা আক্কাস আলী জানান, জীবিকার তাগিদে মেয়েটি ওই বাসায় কাজ করছিল। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্ত দাবি করা হয়েছে।

বাসার ভাড়াটিয়া আমিনুল ইসলাম বলেন, চিৎকার শুনে বাইরে এসে তারা হালিমাকে নিচে পড়ে থাকতে দেখেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তার স্ত্রীও দাবি করেন, মেয়েটিকে তারা নিজের সন্তানের মতো দেখতেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD