প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ভেঙে গেল বইমেলার স্টল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজন করা বইমেলার কয়েকটি স্টল ঝড় ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের আগেই ঘটে এ ঘটনা। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) দুপুর প্রায় ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় দমকা হাওয়া ও ঝড়। আকস্মিক এ ঝড়ে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে তৈরি করা কয়েকটি স্টলের বিভিন্ন অংশ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায়। কোথাও কোথাও বাঁশের তৈরি কাঠামোও ভেঙে পড়ে। এতে মেলার প্রস্তুতিতে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ত্রিশাল সফরকে ঘিরে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার আয়োজন করা হয়েছে। একই সফরে খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও কথা রয়েছে। অনুষ্ঠান শুরুর আগে প্রায় সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেলার কয়েকজন স্টল মালিক বলেন, অনেক সময় ও ব্যয় করে তারা স্টল প্রস্তুত করেছিলেন। কিন্তু হঠাৎ ঝড়ে মুহূর্তের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন দ্রুত মেরামত কাজ চালিয়ে নির্ধারিত সময়ের আগেই স্টলগুলো আবার প্রস্তুত করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
আয়োজক কমিটির সদস্যরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো সংস্কারে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।








