ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ভোগান্তি বেড়েছে দূরপাল্লার বাসযাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকদের।
বিজ্ঞাপন
রবিবার (২৪ মে) ভোররাত প্রায় ৪টার দিকে শুরু হওয়া এই যানজট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লাগামী লেনে গজারিয়া অংশজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।
যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া জানান, তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এসে প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, চোখে ঘুম চলে এসেছে, কী করব বুঝতে পারছি না। শুনেছি দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার কারণেই এই দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
একই ধরনের ভোগান্তির কথা জানান বাসচালক শহিদ। তিনি বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বলতে পারছি না।
এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই যানজট সৃষ্টি হয়। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।








