যশোরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশী মদসহ ওমর শরীফ রাজা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
আজ রবিবার (২৪ মে, ২০২৬) সকাল ৭টার দিকে যশোর পৌরসভার ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
ধৃত আসামির নাম মোঃ ওমর শরীফ রাজা। তিনি যশোর কোতোয়ালি মডেল থানাধীন ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ ও ফাতেমা বেগমের ছেলে।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় অবস্থান নেয়। পরে সকাল ৭টার দিকে আসামী ওমর শরীফ রাজার নিজ বাড়িতে আকস্মিক তল্লাশি চালানো হয়। অভিযানে আসামির শয়নকক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের এই অবৈধ চালানের উৎস এবং এর সাথে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।








