পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল নববধূর

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে রকিবা জান্নাত মুন্নী (১৯) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মুন্নী স্থানীয় বাসিন্দা ছাদেক আহমেদের স্ত্রী। তার বাবার বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, সকাল থেকেই এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এসময় মুন্নী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘরের বারান্দায় বসে ছিলেন। হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত টিনশেড ঘরের এক কোণে আঘাত হানে। এতে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়ে বজ্রের আঘাত বারান্দায় এসে পড়ে এবং গুরুতর আহত হন তিনি।
স্বজন আলমগীর জানান, ঘটনাস্থল থেকে দ্রুত মুন্নীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, প্রায় এক বছর আগে মুন্নীর বিয়ে হয়েছিল। অল্প বয়সে তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোকের আবহ বিরাজ করছে।








