Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটারজুড়ে যানজট

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৭ মে, ২০২৬, ১১:৪২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটারজুড়ে যানজট
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ, টানা বৃষ্টি এবং সড়কের বিভিন্নস্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা গেছে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহনকে।

গাজীপুর অংশে মঙ্গলবার রাত থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। অধিকাংশ শিল্পকারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় কর্মজীবী মানুষ একসঙ্গে বাড়ির পথে রওনা দিলে মহাসড়কে চাপ কয়েকগুণ বেড়ে যায়। বৃষ্টির কারণে সড়কে ধীরগতি দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, অতিবৃষ্টি, যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি এবং সড়কের সীমাবদ্ধতার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে টাঙ্গাইল অংশে গোড়াই থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলমুখী লেনে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়। এতে দূরপাল্লার বাসের যাত্রীদের অনেককে বৃষ্টিতে ভিজে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

তবে যমুনা সেতু পার হওয়ার পর উত্তরাঞ্চলের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD