সৌদির সঙ্গে মিল রেখে লালমনিরহাটের তিন গ্রামে ঈদুল আজহা উদযাপন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন প্রায় পাঁচ শতাধিক পরিবার।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) সকাল ৯টায় তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মাজেদ। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।
একই সঙ্গে চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাট জামে মসজিদ এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ মাঠেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি সম্পন্ন করেন।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করা হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মুন্সিপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. কায়েদে আজম জিন্নাহ বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপনের উদ্দেশ্যেই আমরা এভাবে ঈদ পালন করে আসছি।”
বিজ্ঞাপন
কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








