Logo

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে দুই গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুট

profile picture
উপজেলা প্রতিনিধি
কোটচাঁদপুর, ঝিনাইদহ
২৭ মে, ২০২৬, ২০:২৭
কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে দুই গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুট
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুই গরু ব্যবসায়ী প্রায় ১০ লাখ টাকা হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা হলেন উপজেলার কুশনা গ্রামের এবাদত মণ্ডলের ছেলে সবুজ হোসেন (৩৫) এবং ফুলবাড়ি সমাজকল্যাণ পাড়ার আবুবক্করের ছেলে অহেদুল ইসলাম (অতুল)।

মঙ্গলবার (২৬ মে) ভোররাতে ঢাকা–কোটচাঁদপুর সড়কে চলাচলকারী জে লাইন পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সবুজ হোসেন জানান, তারা ঢাকার বসিলা হাটে ৭টি গরু বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ঢাকার গাবতলী থেকে বাসে ওঠার পর কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে দেখেন তার টাকার ব্যাগটি নেই এবং সহযাত্রী অতুল অচেতন অবস্থায় রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বাসের সুপারভাইজার ও স্টাফদের আচরণ সন্দেহজনক ছিল এবং পুরো ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কোটচাঁদপুরে পৌঁছানোর পর বাসটি আটকে রাখা হয়।

বিজ্ঞাপন

এদিকে, অচেতন অবস্থায় থাকা দুই ব্যবসায়ীকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক অমরেন বিশ্বাস জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তারা এখনও পুরোপুরি সুস্থ হননি।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD