Logo

মৌলভীবাজার কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৮ মে, ২০২৬, ১৫:৩৮
মৌলভীবাজার কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন
ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে নানা আয়োজন। চার দেয়ালের ভেতরেও যেন ঈদের আনন্দ অনুভব করতে পারেন বন্দিরা, সে লক্ষ্যেই বিশেষ খাবার, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বন্দিদের পাশাপাশি দায়িত্বরত কারারক্ষীরাও অংশ নেন। নামাজ শেষে বন্দিদের মাঝে পরিবেশন করা হয় ঈদের বিশেষ নাস্তা—মুড়ি ও পায়েস।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কারাগারে আসেন বন্দিদের স্বজনরাও। প্রায় শতাধিক স্বজনকে সেমাই, মুড়ি ও শিশুদের জন্য চকলেট দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ৬৬৩ জন বন্দি রয়েছেন। ঈদের দিন দর্শনার্থীদের জন্য বিশেষ সাক্ষাৎ ও আপ্যায়নের পাশাপাশি বাড়ি থেকে রান্না করা খাবার আনার সুযোগও রাখা হয়েছে।

দুপুরের খাবারে বন্দিদের জন্য বিশেষ মেন্যু রাখা হয়েছে। এতে রয়েছে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হবে ভাত, মাছ ও আলুর দম।

শুধু খাবার নয়, বন্দিদের মানসিক প্রশান্তির জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিনে বন্দিদের কিছুটা স্বস্তি ও আনন্দ দিতে প্রতিবছরই এমন উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

কারাগার পরিদর্শনে গিয়ে বন্দিদের সঙ্গে কুশল বিনিময় করেন তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার জেলা প্রশাসনের জেলা প্রশাসক। তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজখবর নেন।

কাজী মাজহারুল ইসলাম, মৌলভীবাজার জেলা কারাগারের জেলার, বলেন—ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবার, জামাতে নামাজ আদায়, আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ, সরকারি মোবাইলে কথা বলার সুযোগসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জেল সুপার মো. তারিকুল ইসলাম জানান, আইজি প্রিজন্সের নির্দেশনায় বন্দিরা ঈদের তিন দিনের যেকোনো একদিন বাড়ি থেকে খাবার গ্রহণ করতে পারবেন। পাশাপাশি পাঁচ মিনিট বিনামূল্যে ফোনে কথা বলা এবং বিশেষ সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ঈদের আনন্দ শুধু বাইরের মানুষের জন্য নয়, কারাগারে থাকা মানুষদের সঙ্গেও তা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। তাদের জন্য মানবিক ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD