সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথা উপজেলায় চায়ের দোকানে বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
বিজ্ঞাপন
সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ইমারত মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।








