Logo

সন্তানদের শরবতে বিষ মেশানোর অভিযোগ বাবার বিরুদ্ধে

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
২ জুন, ২০২৬, ১২:৩৯
সন্তানদের শরবতে বিষ মেশানোর অভিযোগ বাবার বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় ছেলে-মেয়েকে বিষ মিশ্রিত শরবত পান করিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত সিরাজুল শিকদার (৪০) জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থান করছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন ছেলে ইয়াসিন (১৪) জানায়, তার বাবা তাকে চিনি আনতে পাঠান। পরে সেই চিনি দিয়ে শরবত তৈরি করে তাকে ও তার ছোট বোন ছামিয়াকে (৭) পান করান। শরবত খাওয়ার কিছু সময় পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

ছামিয়ার ভাষ্য, শরবত পান করার পর তার মাথা ঘুরতে শুরু করে এবং একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার ধারণা, পানীয়টির সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল।

স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলাম জানান, শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শিশু দুটির নানা আব্দুল করিম অভিযোগ করেন, তাদের বাবা পরিকল্পিতভাবে বিষ মিশিয়ে শরবত খাইয়ে সন্তানদের হত্যার চেষ্টা করেছেন। তবে এমন ঘটনার পেছনের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন।

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সিরাজুল শিকদার দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি একাই সন্তানদের লালন-পালন করছেন। তার ভাষ্য, শ্বশুরবাড়ির লোকজন তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ তুলেছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD