Logo

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২ জুন, ২০২৬, ১১:১৩
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫
ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সজোরে ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

এদিকে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে এবং একাধিক উপায়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD