Logo

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২ জুন, ২০২৬, ১১:৫২
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত দুজন হলেন- আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তারা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নতুন সেতু এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল যাচ্ছিল। শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছানোর পর দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ মল্লিক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

অপরদিকে মোটরসাইকেল চালক বিধান মল্লিক গুরুতর আহত হন। স্থানীয়রা ও উদ্ধারকারীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জামাল উদ্দীন বলেন, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান, সেতু থেকে নামার পথে পিকআপটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্গাপদ মল্লিক পিকআপের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে আহত বিধান মল্লিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের স্বজন বাবলা মল্লিক বলেন, ‘তার ভাই বিধান মল্লিক মোটরসাইকেলে করে বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। তার বাবাকে পৌঁছে দেওয়ার পর তার ভাইয়ের স্কুলে যাওয়ার কথা ছিল। পথে দুর্ঘটনায় দুজনেরই প্রাণহানি ঘটে।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন‘দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনা মৃত্যুবরণ করা তার বাবা দূর্গাপদ মল্লিককেও চমেক হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD