মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত অ্যালকোহল (চোলাই মদ) পান করে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫) এবং এরশাদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি একসঙ্গে অ্যালকোহল পান করেন। পরে বাড়ি ফিরে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হুজুর আলীর মৃত্যু হয়। অন্যদিকে ছাত্তার মিয়া নিজ আত্মীয়ের বাড়িতে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়া ও এরশাদ মিয়ারও মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত ও অতিরিক্ত অ্যালকোহল পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিষাক্ত অ্যালকোহলের উৎস শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা অবৈধ মদ বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।








