ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোশালনগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে আরিফ হোসেন (২৮), ছোট ছেলে রাকিব হোসেন (২০), মেয়ে আয়েশা খাতুন (৩৫), স্ত্রী নুরজাহান বেগম (৫০) এবং যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের গাড়িচালক জাহিদ হোসেন (৩০)।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর প্রবাসে থাকার পর আরিফ হোসেন সম্প্রতি দেশে ফেরেন। তাকে ঢাকায় বিমানবন্দর থেকে আনতে পরিবারের সদস্যরা প্রাইভেটকারে করে গিয়েছিলেন। ফেরার পথে ভাঙ্গা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
নিহত চালক জাহিদ হোসেন স্থানীয় রাজগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ডের একজন পরিচিত চালক ছিলেন। জানা গেছে, তিনি সোমবার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
দুর্ঘটনায় দুই শিশু—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে একসঙ্গে একই পরিবারের চারজনের মৃত্যুতে ঝিকরগাছার খোশালনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। অপরদিকে চালক জাহিদ হোসেনের মৃত্যুতেও তার নিজ গ্রাম গৌরীপুর ও রাজগঞ্জ এলাকায় চলছে শোকের মাতম।
বিজ্ঞাপন
স্থানীয়রা এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।








