৪০০ বছর বয়সী ‘মোঘল আমলের জিনের বাদশা’ গ্রেফতার

নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
পুলিশ জানায়, এক নারী ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে সলঙ্গা থানা এলাকা থেকে আব্দুল হামিদকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন নামে মোবাইল অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। কিছুদিন পর সেই অ্যাপস বন্ধ করে নতুন নামে আবারও বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রতারণা চালিয়ে যেতেন।
বিজ্ঞাপন
তদন্তে আরও জানা যায়, গ্রাহকেরা টাকা ফেরত চাইলে বা যোগাযোগ করলে তিনি ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা দাবি করতেন। পাশাপাশি ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকিও দিতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, তার প্রতারণার শিকার হয়েছেন প্রায় ১০০ জন মানুষ এবং এভাবে প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।








