কোম্পানীগঞ্জে এসিল্যান্ডকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ এমপি ফখরুলের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও বালুবাহী ট্রাক জব্দের ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) রাতে উপজেলার নির্ঝর কনভেনশন অডিটোরিয়ামে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এমপি ফখরুল ইসলাম বলেন, “অবৈধ বালুর ড্রাম ট্রাক জব্দ করার কারণেই এসিল্যান্ডের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় হয়েছে—এটা আপনারাও জানেন, আমিও জানি।” তিনি আরও বলেন, দায়িত্ব পালন করলে ভালো কর্মকর্তাদের সহযোগিতা করা সবার দায়িত্ব।
বিজ্ঞাপন
তিনি এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম সম্পর্কে বলেন, তিনি একজন সৎ ও ভদ্র কর্মকর্তা এবং কোম্পানীগঞ্জে জনস্বার্থে কাজ করতে এসেছেন। তাই তাকে সহযোগিতা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি ফখরুল ইসলাম আরও বলেন, বালু উত্তোলন, কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে কোনো রাজনৈতিক নেতাকর্মী জড়িত থাকলে তাদের তালিকা ও প্রমাণ জমা দিতে হবে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








