ধামরাইয়ে চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিজ্ঞাপন
ঢাকার ধামরাইয়ে অবৈধ কার্যক্রম ও অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন।
বিজ্ঞাপন
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ নেই এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসকও নেই। এসব অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
ইউএনও মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মানা না হলে পরবর্তী অভিযানে সিলগালা করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।








