মৌলভীবাজারে ভারপ্রাপ্ত পুলিশ সুপার দিয়ে চলছে কার্যক্রম

মৌলভীবাজার জেলায় দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ পুলিশ সুপার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে জেলার ৭টি থানার দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ৫ মে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বদলি হন। এরপর ৮ মে মো. রিয়াজুল ইসলাম নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেও মাত্র ৮ দিনের মাথায় ১৫ মে তাকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই ভারপ্রাপ্ত পুলিশ সুপারের মাধ্যমে জেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে জেলায় খুন, ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শহর ও বিভিন্ন উপজেলায় রাতের বেলায় ছিনতাই, সড়কে ডাকাতি, বাসাবাড়িতে চুরি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে বলে দাবি করছেন তারা।
বিজ্ঞাপন
সচেতন মহলের মতে, স্থায়ী পুলিশ সুপার না থাকায় প্রশাসনিক সমন্বয় ও মাঠপর্যায়ের তদারকিতে ঘাটতি দেখা দিয়েছে। এতে দ্রুত অপরাধ দমন কার্যক্রমেও প্রভাব পড়ছে বলে তারা মনে করেন।
সাম্প্রতিক সময়ে সদর, কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই ও চুরির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
বিজ্ঞাপন
অন্যদিকে সিলেট বিভাগের ডিআইজি জিল্লুর রহমান জানিয়েছেন, বিষয়টি তিনি নজরে রেখেছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
এ অবস্থায় দ্রুত মৌলভীবাজার জেলায় পূর্ণাঙ্গ পুলিশ সুপার নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।








