Logo

বুড়িচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ সিএনজি চালককে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
বুড়িচং, কুমিল্লা
২ জুন, ২০২৬, ১৮:২৭
বুড়িচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ সিএনজি চালককে জরিমানা
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার সিএনজি চালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) বিকেলে বুড়িচং পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার।

অভিযানকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় চার চালককে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন মো. শাহাদাত, মোহাম্মদ সাইফুল ইসলাম, মনির হোসেন এবং এনাম হক।

স্থানীয় সূত্রে জানা যায়, শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। প্রশাসন এর আগে একাধিকবার ভাড়া নির্ধারণ ও অভিযান পরিচালনা করলেও কিছু অসাধু চালকের কারণে যাত্রীদের ভোগান্তি অব্যাহত ছিল।

বিজ্ঞাপন

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD