মেয়াদোত্তীর্ণ গুঁড়া মসলা নতুন মোড়কে, ৫০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে মেয়াদোত্তীর্ণ গুঁড়া মসলা নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বাজারে সরবরাহের অভিযোগে একটি মসলা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) বিকেলে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় অভিযান চালিয়ে ‘ফ্যামিলি মশলা’ নামে একটি কারখানায় এ অনিয়মের সন্ধান পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন দোকান থেকে ফেরত আসা মেয়াদোত্তীর্ণ মরিচ, ধনিয়া, রেডি মিক্স ও বিরিয়ানি মসলা নতুন প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছিল। শুধু তাই নয়, এসব পণ্যে নতুন উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংযুক্ত করে সেগুলোকে বাজারে সরবরাহের প্রস্তুতিও চলছিল।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে বিষয়টির সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে দায়িত্বরত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু
ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য নতুন মোড়কে বাজারজাত করা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযানে দেখা গেছে, ফেরত আসা ও মেয়াদোত্তীর্ণ মসলাগুলো নতুন তারিখ ব্যবহার করে বাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইনের পরিপন্থী।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।








