Logo

অবৈধ বালুবাহী গাড়ি আটকের জেরে শেরপুরে বনকর্মীদের ওপর হামলা

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
৪ জুন, ২০২৬, ১৪:৪৯
অবৈধ বালুবাহী গাড়ি আটকের জেরে শেরপুরে বনকর্মীদের ওপর হামলা
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা ও বালুবাহী গাড়ি আটকের ঘটনাকে কেন্দ্র করে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিট কর্মকর্তা ও এক ফরেস্ট গার্ড আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে গজনী বিটের নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ এবং ফরেস্ট গার্ড মো. জিয়াউল হক জিয়া।

রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তানভীর হাসান ইমন জানান, ডিউটিরত অবস্থায় স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের ভাতিজা রোমান মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। ফরেস্ট গার্ড জিয়াউল হক জিয়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, ঘটনার কয়েক ঘণ্টা আগে বনাঞ্চলের পাহাড়ি ঝুড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি মাহিন্দ্র গাড়ি জব্দ করে একজনকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি বনবিভাগের।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রুবেল বলেন, সন্ত্রাসী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমি বন কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার এবং মামলা করার পরামর্শ দিয়েছি।

ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে বনবিভাগ জানিয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD