সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তর চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখাটি স্থানান্তরের চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রাহকসহ স্থানীয় সর্বস্তরের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অগ্রণী ব্যাংক সলঙ্গা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন গ্রাহকসহ সর্বস্তরের ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
এসময় বক্তারা বলেন, সাধারণ জনমতকে সম্পূর্ণ উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল শাখাটি অন্য জায়গায় স্থানান্তরের পাঁয়তারা করছে।
ব্যাংকটি স্থানান্তরিত হলে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ সঞ্চয়কারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক লেনদেনে চরম ভোগান্তি সৃষ্টি হবে।
বিজ্ঞাপন
কোনো যৌক্তিক কারণ ছাড়াই গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করার এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।
সঞ্চয়ী ও সিসি হিসাবধারী গ্রাহক, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।








