বিয়ের প্রলোভনে ধর্ষণ-অর্থ আত্মসাত করা সেই ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক গড়ে তুলে এক নারীকে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও পরবর্তীতে হুমকি দেওয়ার অভিযোগে দর্শনা থানা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভুগি সেই নারী।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার স্বার্থে তাকে ‘সাবিহা’ (ছদ্মনাম) নামে উল্লেখ করা হচ্ছে।
জানা গেছে, গত ১ জুন ঢাকার মোহাম্মদপুর থানায় অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরির আবেদন করেন ওই নারী। অভিযোগে তিনি উল্লেখ করেন, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন রাসেল পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখার পর তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।
বিজ্ঞাপন
জিডিতে বলা হয়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পাশাপাশি তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ এবং পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তিনি মানসিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযোগের পক্ষে কল রেকর্ড, বার্তা এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা শেখ তামিম আহম্মেদ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. রকিবুজ্জামান বলেন, একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি সংবেদনশীল। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিয়েল ইসলাম লিওন রাসেল। তিনি বলেন, রাজনৈতিক কারণে ওই নারীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার সঙ্গে কোনো অর্থ লেনদেন হয়নি এবং শারীরিক সম্পর্কের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। এ বিষয়ে এখনো কোনো আদালতের রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।








