ছয় জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৬ জনের মৃত্যু

দেশের ছয় জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বরগুনায় এক কৃষক, পটুয়াখালী, শরীয়তপুর ও পিরোজপুরে তিন কৃষক, বরিশালে এক স্কুলছাত্র এবং চাঁদপুরে এক যুবক রয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বরগুনা : বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মস্তুকটানা এলাকায় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সেকান্দরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জমিতে কোদাল দিয়ে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কৃষক মজিবর সরদার (৫০)। তিনি মৃত আয়নাল সরদারের ছেলে।
স্থানীয়রা বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান তিনি। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। দুমকি থানার ওসি সেলিম উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্র জানায়, দুপুরে বৃষ্টির আশঙ্কায় মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক ছোয়ারাব জোমাদ্দার (৫০)।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ির কাছের মাঠে গরু খুঁজতে গেলে তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
তানভীর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঘেরে কাজ করার সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাইসাঙ্গা গ্রামে বজ্রপাতে নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, জুমার নামাজের আগে কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নবী হোসেন পেশায় দিনমজুর ছিলেন। তার তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।








